নিয়াজের সঙ্গে ফাহাদ শীর্ষে

বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।

অপরদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

কিন্তু ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ স্থানে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ৩.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

এছাড়া ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ। ২ পয়েন্ট করে পেয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ। ১.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন অনত চৌধুরী। ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছেন ফিদেমাস্টার মো. শরীফ হোসেন।

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেছেন।

তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অনত চৌধুরীকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনকে, আন্তর্জাতিকমাস্টার মনন রোজা নীড় মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে,
ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন।

আগামীকাল ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার খেলার বিরতি-দিন। অষ্টম রাউন্ডের খেলা ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩-৩০টায় শুরু হবে।