জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো টানা তিন জয় নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন।
তবে আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ।
এদিকে দুই পয়েন্ট সংগ্রহ করে চার জন খেলোয়াড় তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ২২ অক্টোবর বুধবার তৃতীয় রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন নিজ দলের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে এবং নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম বরিশালের জান্নাতুল প্রীতিকে পরাজিত করেন। কিন্তু মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবার খেলাটি স্থগিত রয়েছে।
আগামীকাল ২৩ অক্টোবর বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে বিকেল ৩-৩০ টায় একই ভেন্যুতে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন ও জান্নাতুল প্রীতি, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা এবং নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ একে অপরের সাথে মোকাবেলা করবেন।
