টানা দুই জয়ে নৌবাহিনী ও আনসার শীর্ষে

নারী দাবা লিগে টানা দুই জয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। তবে দুই পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ, মানহা’স ক্যাসেল, পন পাওয়ার চেস ক্লাব ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ২৪ জানুয়ারি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। জয়ী দলের নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম যথাক্রমে উত্তরার তৃনা দেব নাথ, শামীমা আক্তার মুক্তা, খন্দকার আনিসা আমিন ও নুশরাত হাসান নাবাকে পরাজিত করেন।

তবে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে পন পাওয়ার চেস ক্লাবকে। আনসারের নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী যথাক্রমে পন পাওয়ারের জিন্নাত আক্তার শাহনাজ ও মাহজাবিন ইসলামকে পরাজিত করেন। তবে পন পাওয়ারের জান্নাতুল প্রীতি ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার যথাক্রমে আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ড্র করেন।

এদিকে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবকে, মানহা’স ক্যাসেল ২.৫-১.৫ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।

আগামীকাল ২৫ জানুয়ারি বিকেল ৩-৩০টায় তৃতীয় রাউন্ডে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী, পন পাওয়ার চেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব এবং মানহা’স ক্যাসেল ও বাংলাদেশ আনসার পরস্পরের সঙ্গে মোকাবিলা করবে।