বেগম লায়লা আলম আন্তর্জাতিক ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী রানারআপ, বাংলাদেশ পুলিশের নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা তৃতীয় ও বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ চতুর্থ স্থান লাভ করেন।
খুশবু, নীলাভা, দিবা ও রানী হামিদ প্রত্যেকই ৫.৫ পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে স্থান নির্ধারণ করা হয়।
এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে বাংলাদেশ আনসারের নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো পঞ্চম, বাংলাদেশ পুলিশের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ষষ্ঠ ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের তাসিনিয়া তারান্নুম অর্পা সপ্তম হন।
অপরদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জান্নাতুল প্রীতি অষ্টম, জিন্নাত আক্তার শাহনাজ নবম ও কৌমুদি নার্গিস দশম হয়েছেন।
তবে ৪ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ একাদশ ও রাইনা হাসান দ্বাদশ হন।
এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন যথাক্রমে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার, জোয়েনা মেহবিশ, আফসান আহলিয়াস কৃষ্টি ও মুবাসসিরা তাসনিম তনিমা।
৩১ মার্চ খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ ও প্রবীণ দাবা খেলোয়াড় বেগম লায়লা আলম।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের ক্রেস্ট, মেডেল এবং নগদ এক লক্ষ চার হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন বিশ হাজার টাকা, রানারআপ পনোরো হাজার টাকা তৃতীয় দশ হাজার টাকা পান।
