নারায়ণগঞ্জে আশরাফুর রহমান মিঠু স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় কাজী সাইফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ ম্যাচে ৬.৫ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে জাবেদ আল আজাদ প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নিলয় দেবনাথ।
অপরদিকে ৪ জন সমান ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে চর্তুথ থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার আবু হানিফ, সিয়াম চৌধুরী ও মোহাম্মদ মোকসেদ খান।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু, হেরিটেজ স্কুলের ফাউন্ডার ডিরেক্টর সেলিম মিয়া এবং প্রয়াত আশরাফুর রহমান মিঠুর সহধর্মিণী শামীমা সুলতানা।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম ও ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর ইসলাম।
উল্লেখ্য নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার একজনসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ১২ জন খেলোয়াড়কে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
