ডিভিশনাল সিরিজ দাবায় সুব্রত চ্যাম্পিয়ন

ডিভিশনাল সিরিজ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৮ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

তবে একই পয়েন্ট পেয়ে জনতা ব্যাংকের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানারআপ, চেকমেট-এর ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন তৃতীয় ও আবদুর নুর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন।

উল্লেখ্য উপরোক্ত ৪ জন খেলোয়াড় ৬.৫ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে তাদের মধ্যে স্থান নির্ধারণ করা হয়।

এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান পঞ্চম, হৃষিন তালুকদার ষষ্ঠ, মো. শফিকুল ইসলাম সপ্তম ও শেখ রাশেদুল হাসান অষ্টম হয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ-এর আয়োজনে খুলনা বিভাগের খেলা ঝিনাইদহ জেলায় টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচ শত টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।

উল্লেখ্য ১০-১৪ অক্টোবর পর্যন্ত ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।