ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ৪-০ গেম পয়েন্টে ৯৬ নম্বর সিডেড সিরিয়াকে পরাজিত করেছে। তবে ৭২ নম্বর সিডেড বাংলাদেশ নারী দল ৪০ নম্বর সিডেড শক্তিশালী ক্রোয়েশিয়ার নারী দলের কাছে ১-৩ গেম পয়েন্টে হেরে যায়।
উল্লেখ্য ওপেন বিভাগে বাংলাদেশ দল ৬ ম্যাচে ৮ পয়েন্ট ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল ৬ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে।
উজবেকস্তানের সমরকন্দে শহরে ২১ সেপ্টেম্বর ষষ্ঠ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেসাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে সিরিয়ার ফিদেমাস্টার চেখ আদম খেদর আরাম, ফিদেমাস্টার ফান্ডি মাজেন, বরক রোদি ও আন্তর্জাতিকমাস্টার আলজাইম তালালকে পরাজিত করেন।
অপরদিকে বাংলাদেশ নারী দলের নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে ক্রোয়েশিয়ার নারী ফিদেমাস্টার ইভেকোভিচ তিহানা ও নারী আন্তর্জাতিকমাস্টার সারিচ ক্রিস্টিনার সাথে ড্র করেন। কিন্তু নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ সভিতান এনা ও নারী ফিদেমাস্টার জাগোরাচ লারার কাছে হেরে যান।
২২ সেপ্টেম্বর খেলার বিরতি-দিন। ২৩ সেপ্টেম্বর সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ জর্জিয়ার সাথে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল হংকংয়ের নারী দলের সাথে খেলবে।
