উজবেকিস্তানের সমরখন্দে ৪৬তম দাবা অলিম্পিয়াড চলাকালে আয়োজিত ফিদের সাধারণ সভায় কাজাখস্তান দাবা ফেডারেশনের সভাপতি তিমুর তুরলভ আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তুরলভ দ্বিতীয় ধাপে ১১০টি ভোট পেয়ে জয়ী হন। ৩৮ বছর বয়সে তিনি ফিদে-র ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হলেন।
১৯৬টি জাতীয় দাবা ফেডারেশনের প্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন এবং তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম রাউন্ডে তুরলভ ৯৬টি, ভাদিম রোজেনস্টাইন (জার্মানি) ৭৬টি এবং ইয়ান হেনরিক বুটনার (জার্মানি) ২০টি ভোট পান। মোট ১৯২টি ভোট পড়েছিল।
দুই ঘণ্টা পর অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে তুরলভ ১১০-৮৫ ব্যবধানে (মোট ১৯৬টি ভোটের মধ্যে) জয়ী হয়ে ফিদের অষ্টম সভাপতি নির্বাচিত হন। তিনি আরকাডি ডভোরকোভিচের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
ফলাফল ঘোষণার পর তৈমুর তুরলভ বলেন, আমরা সবাই একটি পরিবার এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। এটি একটি বিশাল দায়িত্ব এবং আমাদের খেলার সুন্দর ভবিষ্যতের জন্য দেওয়া একটি রায়। তিনি আরও বলেন, যারা আমার প্রচারণায় সমর্থন দিয়েছেন এবং যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আমরা সবাই একটি বিষয়ে একমত—দাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সদস্য ফেডারেশনগুলোকে আরও শক্তিশালী ও স্বাধীন করার মাধ্যমে বিশ্বজুড়ে এর উন্নয়নে আমরা আরও অনেক কিছু করতে পারি।
তুরলভ তার বক্তব্য শেষ করেন এভাবে: আমি দাবাকে এগিয়ে নিতে এবং এই খেলাটিকে তার প্রাপ্য গুরুত্ব ও পরিচিতি এনে দিতে উন্মুখ হয়ে আছি। তৈমুর তুরলভকে অভিনন্দন জানিয়ে ফিদের সাবেক সভাপতি আরকাডি ডভোরকোভিচ তার কাজের সাফল্য কামনা করেন।
ডভোরকোভিচ বলেন, “তৈমুর ইতিমধ্যেই দাবার জন্য অনেক কিছু করেছেন এবং আমি নিশ্চিত যে ফিডে সভাপতি হিসেবে তিনি আরও বেশি কিছু করবেন। তার এবং তার দলের প্রয়োজনীয় উদ্যম, সুনির্দিষ্ট পরিকল্পনা ও সম্পদ রয়েছে; আর নির্বাচনের ফলাফলই প্রমাণ করে যে তৈমুরের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। আমরা সবাই একটি পরিবার এবং আমাদের সবার লক্ষ্য অভিন্ন—বিশ্বজুড়ে দাবাকে আরও বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা।
৪৬তম ফিডে অলিম্পিয়াড ও ফিডে কংগ্রেসের আয়োজক দেশ উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আরিফভ উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বিশ্বজুড়ে দাবা ও বন্ধুত্বের প্রসারে তার দেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
