ওপেনে জর্জিয়ার কাছে হার, নারীতে হংকংয়ের সঙ্গে জয়

ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে ২৯ নম্বর সিডেড জর্জিয়ার কাছে হেরে পরাজিত হয়েছে। অপরদিকে ৭২ নম্বর সিডেড বাংলাদেশের নারী দল ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে ১১০ নম্বর সিডেড হংকংয়ের নারী দলকে। ৭ ম্যাচে ওপেন বিভাগে বাংলাদেশ ৮ পয়েন্ট ও নারী বিভাগেও বাংলাদেশ ৮ পয়েন্ট সংগ্রহ করেছে।

উজবেকস্তানের সমরকন্দ শহরে ২৩ সেপ্টেম্বর সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার জোবাদাভা বাদুরের সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেসাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মিখাইল মচেদলিশভিলি, গ্র্যান্ডমাস্টার কাচারাভা নিকোলোজি ও গ্র্যান্ডমাস্টার পাইচাদজে লুকার কাছে হেরে যান।

অপরদিকে বাংলাদেশের নারী দলের নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে হংকংয়ের নারী ফিদেমাস্টার কান্নাপ্পান সিগাপ্পি ও ফ্যান ওয়েন শিকে পরাজিত করেন। নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু যথাক্রমে হংকংয়ের নারী ক্যান্ডিডেটমাস্টার লিউ তিয়ান ই ও নারী ক্যান্ডিডেটমাস্টার লিয়াং হই টির সাথে ড্র করেন।

উল্লেখ্য ২৪ সেপ্টেম্বর বৃস্পতিবার অষ্টম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ গুয়েতামার সাথে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল নরওয়ের নারী দলের সাথে খেলবে।