কমনওয়েলথভুক্ত দেশগুলোতে দাবা কার্যক্রমের প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশন ২৩ সেপ্টেম্বর একটি সমন্বিত ডিজিটাল দাবা প্ল্যাটফর্ম চেসভেদার সাথে অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে। উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ৪৬তম দাবা অলিম্পিয়াড চলাকালীন এই অংশীদারিত্ব চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভরত সিং চৌহান এবং চেসভেদার চেয়ারম্যান অ্যাডভোকেট নন্দন ঝা। স্বাক্ষর অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর দাবা ফেডারেশনের সভাপতিবৃন্দ, গ্র্যান্ডমাস্টার, ইন্টারন্যাশনালমাস্টার এবং আন্তর্জাতিক দাবা সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের ফলে কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশন এবং চেসভেদা যৌথভাবে অনলাইন দাবা টুর্নামেন্ট, দাবা অলিম্পিয়াড এবং দাবা-সম্পর্কিত অন্যান্য ইভেন্ট আয়োজন করতে পারবে। এর মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোর খেলোয়াড়, কোচ, আয়োজক এবং দাবা সম্প্রদায়ের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। এই সহযোগিতার লক্ষ্য হলো দাবার ডিজিটাল দিকটিকে শক্তিশালী করা এবং ভৌগোলিক সীমানা নির্বিশেষে বিভিন্ন দেশের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক দাবায় অংশগ্রহণের অধিকতর সুযোগ করে দেওয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভরত সিং চৌহান বলেন, চেসভেদার সাথে এই অংশীদারিত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করতে পেরে আমরা আনন্দিত এবং অনলাইন দাবার ক্ষেত্রে তাদের একটি আনুষ্ঠানিক অংশীদার হিসেবে স্বাগত জানাচ্ছি। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দাবায় অংশগ্রহণের নতুন পথ উন্মোচন করছে এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা কমনওয়েলথভুক্ত দেশগুলোর খেলোয়াড় ও দাবা সম্প্রদায়কে অংশগ্রহণ ও প্রতিযোগিতার আরও বেশি সুযোগ করে দিতে পারব। তিনি আরও বলেন, কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশন তার সকল সদস্য ফেডারেশনের মধ্যে দাবার প্রসার ঘটাতে এবং বিভিন্ন বয়স ও দক্ষতার খেলোয়াড়দের জন্য আরও ব্যাপক সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। চেসভেদার সাথে আমাদের এই সংযুক্তি আমাদের বিদ্যমান ওভার-দ্য-বোর্ড (সশরীরে বোর্ড-ভিত্তিক) দাবা কার্যক্রমের পরিপূরক হিসেবে কাজ করার পাশাপাশি নতুন নতুন ফরম্যাট ও উদ্যোগ অন্বেষণে সহায়তা করবে।
এদিকে সভেদার চেয়ারম্যান অ্যাডভোকেট নন্দন ঝা বলেন, ৎআমরা বিশ্বস্তরে অনলাইন দাবা অলিম্পিয়াড এবং অন্যান্য বড় চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করছি। আমাদের লক্ষ্য হলো দাবা ও অনলাইন দাবার বৈশ্বিক সম্ভাবনাকে আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং একই সাথে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বৈশ্বিক প্ল্যাটফর্ম ও মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া। এই উদ্যোগের মাধ্যমে আমরা খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিভা প্রদর্শনে সহায়তা করতে এবং দাবাকে আরও উচ্চতায় নিয়ে যেতে অবদান রাখতে আশা করছি। চেসভেদার ডিজিটাল প্ল্যাটফর্মটি অনলাইনে দাবা খেলা, শেখা ও প্রশিক্ষণ, টুর্নামেন্ট ও প্রতিযোগিতা, কোচিং, দাবা-বিষয়ক কমিউনিটি, সংবাদ এবং দাবা-সম্পর্কিত অন্যান্য বিষয়বস্তুকে এক জায়গায় নিয়ে এসেছে। এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো এমন একটি সমন্বিত ডিজিটাল পরিবেশ গড়ে তোলা, যেখানে খেলোয়াড়রা শিখতে, খেলতে, প্রতিযোগিতায় অংশ নিতে, একে অপরের সাথে যুক্ত হতে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন।
