বিশ্বকাপ দাবায় নীড়ের ড্র, ফাহাদের হার

বিশ্বকাপ দাবায় দারুণ সূচনা করেছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬০)। ভারতের গোয়ায় তিনি নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির (রেটিং-২৬৩১) সাথে কৃতিত্বপূর্ণ ড্র করেছেন।

অন্যদিকে একই আসরে বাংলাদেশের আরেক দাবাড়ু আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৪) প্রথম ম্যাচে পরাজিত হয়েছেন ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) কাছে।

ভারতের গোয়ার রিসোর্ট রিওতে আজ ১ নভেম্বর শনিবার নক আউট পদ্ধতির এ বিশ্বকাপ দাবা শুরু হয়েছে। যেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডি গুকেশসহ ২০৬ জন কোয়ালিফাইড খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

আজ প্রথম রাউন্ডের প্রথম লেগে বাংলাদেশে দুই আন্তর্জাতিকমাস্টার লড়েছেন দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথম রাউন্ডের প্রথম লেগে মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে আরিয়ান তারির সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলেন। রোজালিমো বিশ্লেষণ ধারার এ খেলায় নীড় ৪২ চালে ড্র করেন।

অপরদিকে মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার ভ্যাসিল ইভানচুকের কুইনস্ ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে হেরে যান।

আগামীকাল ২ নভেম্বর রোববার প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে নীড় কালো ঘুঁটি নিয়ে তারির সাথে এবং ফাহাদও কালো ঘুঁটি নিয়ে ভ্যাসিল ইভানচুকের সাথে খেলবেন। দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে হলে নীড়ের জয় প্রয়োজন। আর টিকে থাকার জন্য ফাহাদ জয় প্রয়োজন।