আরেকটি জয় পেল

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা-২ সঙ্গে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে কিউবা ও মালয়েশিয়ার কাছে হারার পর চতুর্থ রাউন্ডে পানামাকে পরাজিত করলেও ফের পঞ্চম রাউন্ডে উজবেকস্তান-২ কাছে হেরে যায়। তবে ষষ্ঠ রাউন্ডে আজারবাইজান-৫ কে পরাজিত করে আবারো জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। সপ্তম রাউন্ডেও লাটভিয়ার সঙ্গে জয় পেয়েছে।

শনিবার রাতে আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে সপ্তম রাউন্ডে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে লাটভিয়াকে পরাজিত করে।

সপ্তম রাউন্ডে জান্নাতুল ফেরদৌসী ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় যথাক্রমে লাটভিয়ার স্প্রিংগিস জেভগেনিজ ও অ্যাডামোভিক্স আলেকসেজকে পরাজিত করেন।

তবে ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে লাটভিয়ার জাজাকিন্স আর্টজমস ও মাকলাকোভা নাওমির সঙ্গে ড্র করেন।

উল্লেখ্য সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ ৮ পয়েন্ট নিয়ে ৩৪টি দলের মধ্যে ১৪তম স্থানে অবস্থান করছে।

৯ অক্টোবর রোববার অষ্টম রাউন্ডে বাংলাদেশ জর্জিয়া-১ সঙ্গে মোকাবেলা করবে।