আরো একটি জয়…

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশ পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।

শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছে। তবে নেপাল ও পাকিস্তান ৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়স্থানে রয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ রোববার চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে মালদ্বীপকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন যথাক্রমে মালদ্বীপের ফিদেমাস্টার মোহাম্মদ সুয়াও, ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ হাসান, আহমেদ আনাম ইব্রাহীম ও আব্দুল্লাহ মুফেদকে পরাজিত করেন।

এদিকে শ্রীলঙ্কা ৩.৫-০.৫ গেম পয়েন্টে নেপালকে হারিয়েছে। আন্তর্জাতিকমাস্টার ডি সিলভা, ফিদেমাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও কালুয়ারাচ্চি অচিন্তা শামেন যথাক্রমে নেপালের ফিদেমাস্টার রাজভান্ডারি রাজেন্দ্র, ফিদেমাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা ও রাজেন্দ্রা প্রসাদ শ্রেষ্ঠাকে পরাজিত করেন। কিন্তু নেপালের সিঙ্গেশ্বর দাস লঙ্কার তেন্নাকোন লিসারা সামাদিতের সাথে ড্র করেন।

অপরদিকে পাকিস্তান ৪-০ গেম পয়েন্টে ভুটানকে পরাজিত করে। পাকিস্তানের ফিদেমাস্টার আমির করিম, জুনায়েদ সোহেল, ফিদেমাস্টার মুহাম্মদ ওয়াকার ও খলিল-উর-রহমান যথাক্রমে ভুটানের কারমা সোনাম, রাই বিনোদ, সোনাম চোয়েন ও সানগাই নিদুপকে পরাজিত করেন।

আগামীকাল সোমবার বিকেল ৩টায় পঞ্চম রাউন্ডে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম নেপাল ও ভুটান বনাম মালদ্বীপ একে অপরের মোকাবেলা করবে।