সুপার থ্রিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে স্বাগতিক বাংলাদেশ পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে প্রথম, শ্রীলঙ্কা ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় এবং নেপাল ও পাকিস্তান ৪ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিংয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ সোমবার পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন যথাক্রমে নেপালের ফিদেমাস্টার রাজভান্ডারি রাজেন্দ্র, ফিদেমাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা, সিঙ্গেশ্বর দাস ও ভাজরাচারিয়া রাজেন্দ্রাকে পরাজিত করেন।

এদিকে শ্রীলঙ্কা ৩.৫-০.৫ গেম পয়েন্টে পাকিস্তানকে হারিয়েছে। লঙ্কার সেনেভিরথেনে, আন্তর্জাতিকমাস্টার ডি সিলভা, ফিদেমাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান যথাক্রমে ফিদেমাস্টার আমির করিম, জুনায়েদ সোহেল, ফিদেমাস্টার মুহাম্মদ ওয়াকারকে পরাজিত করে। লঙ্কান কালুয়ারাচ্চি অচিন্তা শামেন ও পাকিস্তানের মোহাম্মদ শাহজেব ড্র করেন।

অপরদিকে মালদ্বীপ ৪-০ গেম পয়েন্টে ভুটানকে পরাজিত করে। মালদ্বীপের ফিদেমাস্টার মোহাম্মদ সুয়াও, ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ হাসান, আহমেদ আনাম ইব্রাহীম ও আব্দুল রহমান আলী যথাক্রমে ভুটানের কারমা সোনাম, রাই বিনোদ, সোনাম চোয়েন ও সানগাই নিদুপকে পরাজিত করেন।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় সুপার লিগের প্রথম রাউন্ডে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা মোকাবেলা করবে।