শেখ কামাল জাতীয় ৪৭তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৭ পয়েন্ট নিয়ে আবারো এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
এদিকে ৬.৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৭ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ঢাকা সিটির ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন ও ময়মনসিংহের অভিক সরকার।
তবে ৫.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, অনত চৌধুরী, ঢাকা সিটির ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, মো. আবু হানিফ, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ঢাকা জেলার ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ও শরীফ মো. জাবেদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ এনায়েত হোসেন, খুলনা বিভাগের দেলোয়ার হোসেন, কুষ্টিয়ার মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জের আফজাল হোসেন সাচ্চু, ময়মনসিংহ বিভাগের ক্যান্ডিডেটমাস্টার মো. জামালউদ্দিন, কিশোরগঞ্জের মুকিতুল ইসলাম রিপন ও চট্টগ্রামের হৃষিন তালুকদার চতুর্থ স্থানে রয়েছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ বৃহস্পতিবার অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত ক্যান্ডিডেটমাস্টার শাওনকে, ক্যান্ডিডেটমাস্টার নীড় ফিদেমাস্টার পরাগকে, ফিদেমাস্টার নাসির মো. আবু জাফর সিদ্দিককে, ক্যান্ডিডেটমাস্টার জামাল টুটুল ধরকে, ফিদেমাস্টার জাভেদ কাজী জারিন তাসনিমকে, হানিফ হাবিবুর রহমান সোহেলকে, হৃষিন মো. আবজিদ রহমানকে, শফিক মো. সাজিদুল হককে পরাজিত করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ আন্তর্জাতিকমাস্টার মিনহাজের সাথে, ফিদেমাস্টার তাহসিন ফিদেমাস্টার আমিনুলের সাথে, ফিদেমাস্টার ইমন অভিকের সাথে, ক্যান্ডিডেটমাস্টার নাইম ক্যান্ডিডেটমাস্টার সাকলাইনের সাথে, এনায়েত জাবেদের সাথে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল দেলোয়ারের ও সাচ্চু রিপনের সাথে ড্র করেন।
আগামীকাল ৪ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় একই স্থানে নবম রাউন্ডের খেলা শুরু হবে।
