বাংলাদেশের সঙ্গে লঙ্কার কৃতিত্বপূর্ণ ড্র

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের সুপার লিগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা চমক দেখিয়েছে।

আজ মঙ্গলবার তারা ২-২ গেম পয়েন্টে স্বাগতিক বাংলাদেশকে রুখে দিয়ে কৃতিত্বপূর্ণ ড্র নিয়ে বোর্ড ছেড়েছে।

বাংলাদেশ লঙ্কার বিপক্ষে দুই গ্র্যান্ডমাস্টার ও দুই আন্তর্জাতিকমাস্টার নিয়ে খেলতে নেমেছিল। বিপরীত অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লঙ্কানরা এক আন্তর্জাতিকমাস্টার ও এক ফিদেমাস্টার এবং দুই জন সাধারণমানের খেলোয়াড় নিয়ে স্বাগতিকদের মোকাবেলা করছিল।

সবার ধারণা ছিল বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে জিতবে। কিন্তু ম্যাচটি ২-২ গেম পয়েন্টে ড্র হবে সেটি কারোর কল্পনায় ছিল না।

ম্যাচে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে পরাজিত করেন। অন্যদিকে লঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভার কাছে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরে যান।

তবে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন যথাক্রমে শ্রীলঙ্কার ফিদেমাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথের সাথে ড্র করেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার দাবা কক্ষে অনুষ্ঠিত হয়।

আগামীকাল বুধবার বিকেল ৩টায় সুপার লিগের দ্বিতীয় ম্যাচে নেপাল বনাম শ্রীলঙ্কা মোকাবেলা করবে।