ডিস্যাবিলিটিজ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ১৩তম

প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ আসরে বাংলাদেশ দাবা দল ১৩তম হয়েছে। বাংলাদেশ ২৬টি দলের মধ্যে ৬ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১৩তম হয়।

বাংলাদেশ দল ৩টি খেলায় যথাক্রমে পানামা, চেক রিপাবলিক ও আইসিসিডিকে পরাজিত করে। তবে সার্বিয়া-১, কিউবা ও ফিদে দলের কাছে পরাজিত হয়।

সার্বিয়ার বেলগ্রেডে শুক্রবার রাতে বাংলাদেশ দল ষষ্ঠ রাউন্ডে ২.৫-১.৫ গেম পয়েন্টে আইসিসিডিকে (ইন্টারন্যাশনাল চেস কমিটি ফর ডেফ) পরাজিত করে। বাংলাদেশের সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২) ও বাপ্পী সরকার (রেটিং-১৭৭৮) যথাক্রমে আইসিসিডি এর মোলদোভেনোভিক ড্রাগন (রেটিং-২০১৯) ও জোহানসেন ট্রবজোরন রেইডারকে (রেটিং-১৭৬৪) কে পরাজিত করেন। মো. আলী নেওয়াজ সরকার (রেটিং-১৮০৯) আইসিসিডির গার্ডনার ফিলিপের (রেটিং-১৮১৪) সাথে ড্র করেন। তবে মো. খোরশেদ আলম (রেটিং-২০৬৫) আইসিসিডি জানকুনাস থমাসের (রেটিং-২১২৭) কাছে হেরে যান। বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রেটর মাসুদুর রহমান মল্লিক দিপু।

উল্লেখ্য পোল্যান্ড ৬ খেলায় পূর্ণ ১২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, আইপিসিএ (ইন্টারন্যাশনাল ফিজিক্যালি ডিসেবলড্ চেস এসোসিয়েশন) ১০ পয়েন্ট পেয়ে রানার্সআপ, ৮ পয়েন্ট করে নিয়ে ফিলিপাইন তৃতীয়, ভারত চতুর্থ ও সার্বিয়া-১ পঞ্চম হয়েছে।