প্রথম বিভাগ নারী দাবা লিগ শুরু

ওয়ালটন প্রথম বিভাগ নারী দাবা লিগ ২২ মার্চ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

প্রথম রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী, গতবারের রানার্সআপ বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব স্ব-স্ব খেলায় জয়ী পেয়েছে।

প্রথম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু যথাক্রমে বসির মেমোরিয়াল চেস একাডেমির রেশমা আলম, সানজিদা খানম মিতুল, মনিকা কুন্ডু ও দিবানগানা বিশ্বাসকে পরাজিত করেন।

বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার ভেলাভান ভার্ষিনি যথাক্রমে বসির মেমোরিয়াল চেস ক্লাবের কৌমুদি নার্গিস, শারমীন খান, মাহজাবিন ইসলাম ও ফাহমিদা আফরোজকে পরাজিত করেন।

শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। শাহিন চেস ক্লাবের পক্ষে আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা ও জান্নাতুল প্রীতি যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের নাজিয়া জাফরিন মোহনা, জারিন তাসনিম, জোয়েনা মেহবীশ ও নুশরাত জাহানকে পরাজিত করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের পক্ষে নাজমিন আক্তার ও রাউবা সোবহান অধরা যথাক্রমে টিম বরিশালের সিদরাতুল মুনতাহা ও তাহিরা আমানিকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ওয়ারিসা হায়দার টিম বরিশালের সোনিয়া আক্তারের সাথে ড্র করেন ও টিম বরিশালের রামিসা সায়েরা মুমিনা উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ফারিহা সুমনার বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দল এবারের প্রথম বিভাগ নারী দাবা লিগে অংশগ্রহণ করছে।