ওয়ালটন প্রথম বিভাগ নারী দাবা লিগের ষষ্ঠ রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও গতবারের রানার্সআপ বাংলাদেশ পুলিশ পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে। আগামীকাল মঙ্গলবার সপ্তম রাউন্ডে নৌবাহিনী-পুলিশের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে শাহিন চেস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ সোমবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু যথাক্রমে টিম বরিশালের নোশিন আয়মান, সিদরাতুল মুনতাহা, সোনিয়া আক্তার ও তাহিরা আমানিকে পরাজিত করেন।
বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে নুশরাত জাহান আলো, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার ভেলাভান ভার্ষিনি ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ যথাক্রমে বসির মেমোরিয়াল চেস একাডেমির রেশমা আলম, সানজিদা খানম মিতুল, মনিকা কুন্ড ও সৈয়দা নুসাইবা মাহমুদকে পরাজিত করেন।
শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। শাহিন চেস ক্লাবের নুশরাত জাহান লিজা, নীলাভা চৌধুরী, কিশোয়ারা সাজরীন ইভানা ও জান্নাতুল প্রীতি যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের নাজমিন আক্তার, ওয়ারিসা হায়দার, রাইবা সোবহান অধরা ও ফারজানা জাহিন মৌকে পরাজিত করেন।
বসির মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। বসির মেমোরিয়াল চেস ক্লাবের কৌমুদি নার্গিস, আফরোজ হক চৌধুরী ও মেহজাবীন ইসলাম যথাক্রমে যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের নাজিয়া জাফরিন মোহনা, জোয়েনা মেহবীশ ও ফাতিহা আইনুন দিয়াকে পরাজিত করে। শেখ রাসেল চেস ক্লাবের জারিন তাসনিম বসির মেমোরিয়াল চেস ক্লাবের শারমীন খানকে পরাজিত করেন।
সপ্তম বা শেষ রাউন্ডের খেলা আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় একই ভেন্যুতে শুরু হবে। শেষ রাউন্ডের খেলায় শাহিন চেস ক্লাব বনাম বসির মেমোরিয়াল চেস একাডেমি, শেখ রাসেল চেস ক্লাব বনাম উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, টিম বরিশাল বনাম বসির মেমোরিয়াল চেস ক্লাব এবং বাংলাদেশ পুলিশ বনাম বাংলাদেশ নৌবাহিনী মোকাবেলা করবে।
