সংযুক্ত আরব আমিরাতে ‘২৯তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল’ মাস্টার্স ইভেন্টের তৃতীয় রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২ পয়েন্ট, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১.৫ পয়েন্ট এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ০.৫ পয়েন্ট পেয়েছেন।
আবুধাবী শহরে শুক্রবার (১৮ আগস্ট) রাতে তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ইরানের ফিদেমাস্টার ইব্রাহিমি হেরাব হামিদরেজাকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আমেরিকার নারী গ্র্যান্ডমাস্টার পোরকাশিয়ান অতুসাকে ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইসরাইলের মিলিকোউ যোয়াভকে পরাজিত করেন।
কিন্তু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব আজারবাইজানের আন্তর্জাতিকমাস্টার আহমাদজাদা আহমেদের কাছে হেরে যান।
এ রিপোর্ট লেখাকালীন আজ (১৯ আগস্ট) শনিবার চতুর্থ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়ানান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ভারতের আন্তর্জাতিকমাস্টার পদ্মনি রাউত, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আর্মেনিয়ার আন্তর্জাতিকমাস্টার ওহানইয়ান এমিন এবং ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার ইয়েন থাই দাই ভেন-এর সঙ্গে খেলছিলেন।
