এশিয়ান গেমসে ফাহাদ ১৮, রাজীব ২০ ও নোশিন ২০তম

চীনের হাংজু শহরে ১৯তম এশিয়ান গেমসে দাবা ডিসিপ্লিনের র‌্যাপিড ইভেন্টের পুরুষ এককে ৯ ম্যাচে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ৩৪ জনের মধ্যে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৮তম ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২০তম হয়েছেন।

অপরদিকে নারী এককে ৪ পয়েন্ট নিয়ে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ৩০ জনের মধ্যে ২০তম হয়েছে।

উল্লেখ্য পুরুষ এককে চীনের গ্র্যান্ডমাস্টার উইয়ে ই ৭.৫ পয়েন্ট নিয়ে স্বর্ণ, উজবেকস্তানের গ্র্যান্ডমাস্টার আব্দুসাত্তারোভ নদিরবেগ ৭ পয়েন্ট নিয়ে রৌপ্য ও উজবেকস্তানের গ্র্যান্ডমাস্টার সিন্দারভ জাভোখির ৬.৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

অন্যদিকে নারী এককে চীনের গ্র্যান্ডমাস্টার জু জিনের ৭ পয়েন্ট নিয়ে স্বর্ণ, ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে উজবেকস্তানের নারী আন্তর্জাতিকমাস্টার ওমোনোভা উমিদা রৌপ্য ও চীনের গ্র্যান্ডমাস্টার হোউ ইয়েফান ব্রোঞ্জ পদক পেয়েছেন।

আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে পুরুষ ও নারী দলগত দাবা ইভেন্টের খেলা শুরু হবে। বাংলাদেশ পুরুষ দলগত দাবায় অংশ নিচ্ছে।