নিয়াজ-জিয়া-দিব্যেন্দুর হার, সিদ্ধার্থই শীর্ষে

গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট-১ প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন। আজ ১৮ ফেব্রুয়ারি রোববার রাজধানীর মেরুল বাড্ডার ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে তিনি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করেন।

এদিকে ৬ পয়েন্ট পেয়ে ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত দ্বিতীয়স্থানে এবং ৫ পয়েন্ট সংগ্রহ করে ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী তৃতীয়স্থানে ও ৪.৫ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চতুর্থস্থানে রয়েছেন।

এ রাউন্ডে ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার এম এল এস টি ডি সিলভার বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়েছেন।

তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশানকে, ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে ও ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গ ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে পরাজিত করেন।

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে দুপুর ২টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।