গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট-১ প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের পথে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ। হাতে রয়েছে তার দুটি ম্যাচ। এর মধ্যে ১ পয়েন্ট অর্জন করতে পারলেই তিনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন। ইতোমধ্যে সিদ্ধার্থ ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন।
এদিকে ৫ পয়েন্ট পেয়ে ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত দ্বিতীয়স্থানে ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৪.৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন।
রাজধানীর মেরুল বাড্ডার ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়য়াকে পরাজিত করেন। ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশানকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে ও ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন।
তবে ভারতের আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার এম এল এস টি ডি সিলভার সাথে ড্র করেন।
আগামীকাল ১৮ ফেব্রুয়ারি রোববার বিকাল ৪টায় একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।
