রানারআপের জন্য টাই করে নীড় তৃতীয়

থাইল্যান্ডে ‘দ্বিতীয় চেস কেড নাখন নায়ক ইন্টারন্যাশনাল ওপেন টুর্নামেন্ট’ -এ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় তৃতীয় হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৫ জনের সাথে দ্বিতীয়স্থানে জন্য টাই করে টাইব্রেকিংয়ে তৃতীয়স্থান লাভ করেন।

এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও ফিদেমাস্টার নাইম হক অষ্টম হয়েছেন। অপরদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ১৪তম হয়েছেন।

থাইল্যান্ডের নাখন নায়কের ইনগটার্ন রিসোর্টে আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকালে নবম বা শেষ রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় রাশিয়ার আন্তর্জাতিকমাস্টার বেডমাটসিরিনভ ওলেগের সাথে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের এ আরাভ এবং ফিদেমাস্টার নাইম হক ভারতের আপার সাক্সেনার সাথে ড্র করেন। তবে ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন রাশিয়ার ক্রিস্টোপভ কন্সটেনটিনকে পরাজিত করেন।

উল্লেখ্য এ টুর্নামেন্টে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার বারনাডস্কি ভিটালি ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এ আসরে ফিদেমাস্টার মনন রেজা নীড় ২৪ রেটিং ও ফিদেমাস্টার নাইম হক ২০ রেটিং বৃদ্ধি করেছেন। আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ২ রেটি এবং ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ৪০ রেটিং কমিয়েছেন। ১৩টি দেশের একজন গ্র্যান্ডমাস্টার, ২ জন আন্তর্জাতিকমাস্টার ও ৬ জন ফিদেমাস্টারসহ মোট ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।