বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ও তাসনিয়া তারান্নুম অর্পা।
অপরদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশব, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও তাসফিয়া তাহসিন প্রিমা তৃতীয়স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১০ মে ষষ্ঠ রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম নুশরাত জাহান লিজাকে, তাসনিয়া তারান্নুম অর্পা নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস কিশোয়ারা সাজরীন ইভানাকে, তাসফিয়া তাহসিন প্রিমা নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো দিলারা জাহান নূপুরকে পরাজিত করেন। তবে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশব নারী ফিদেমাস্টার সুলতানা জাকিয়ার সাথে ও নারী ফিদেমাস্টার তনিমা পারভীন খন্দকার অনিকা মাওলার সাথে ড্র করেন।
আগামীকাল ১১ মে শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
