বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতা আজ রোববার (২৩ জুন) থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৬৫) বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী (রেটিং-২১৩২)-কে, বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৩১৭) রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায় (রেটিং-১৯৮৯)-কে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৪৪৫) বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল (রেটিং-২২০২)-কে পরাজিত করে শুভ সূচনা করেছেন।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ (রেটিং-২১১২) বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের (রেটিং-২৪২৩) সাথে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম (রেটিং-২১১৫) পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীর (রেটিং-২১৫৫) সাথে ও বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪৩৭) বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের (রেটিং-২২২৮) সাথে এবং বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২২৪১) বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হকের (রেটিং-২১৮৭) সাথে ড্র করেন।
আগামীকাল ২৪ জুন বিকেল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
