শীর্ষে নিয়াজ-জিয়া-রাজীব-নীড়-তাহসিন

৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে আজ সোমবার ২৪ জুন বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৩) বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন (রেটিং-২২২৮)-কে, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২২৪১) বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ (রেটিং-২১১২)-কে এবং রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায় (রেটিং-১৯৮৯) বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম (রেটিং-২১১৫)-কে পরাজিত করেন।

তবে পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী (রেটিং-২১৫৫) বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের (রেটিং-২৪৩৭) সাথে, গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৬৫) বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড়ের (রেটিং-২৪৪৫) সাথে, বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৩১৭) বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের (রেটিং-২২০২) সাথে, বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক (রেটিং-২১৮৭) বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীর (রেটিং-২১৩২) সাথে ড্র করেন।

দ্বিতীয় রাউন্ড শেষে ১.৫ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শীর্ষে রয়েছেন। এদিকে ১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, অনত চৌধুরী, ফিদেমাস্টার নাইম হক ও অমিত বিক্রম রায়। অপরদিকে ০.৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী তৃতীয়স্থানে রয়েছেন।

আগামীকাল ২৫ জুন বিকেল ৩টায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।