বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার নবম রাউন্ডে আগামীকাল (২ জুলাই) বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে হারাতে পারলেই আরেকটি আন্তর্জাতিকমাস্টার নর্ম অর্জন করতে পারবেন।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বতর্মানে এককভাবে শীর্ষে রয়েছেন। ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যুগ্মভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন। ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যুগ্মভাবে তৃতীয়স্থান রয়েছে। ৪.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুগ্মভাবে চতুর্থস্থানে রয়েছেন।
এক দিন বিরতির পর অষ্টম রাউন্ডের খেলা আজ (১ জুলাই) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডে ফিদে মাস্টার মনন রেজা নীড় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ক্যাটালান ওপেনিং পদ্ধতিতে ৩৯ চালে ড্র করেন।
আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের বোগো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতিতে ৩৮ চালে জয়ী হন।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার শেখ নাসির আহমেদের সাথে ড্র করেন। ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ সাদা ঘুঁটি নিয়ে ইলিংশ ওপেনিং পদ্ধতিতে খেলে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে ৯৬ চালে ড্র করেন।
ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটর্জীকে পরাজিত করেন। ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ঘুঁটি নিয়ে ফিদেমাস্টার দেবরাজ চ্যাটর্জীর কিংস ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৩১ চালে জয়ী হন।
আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।
আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩১ চালে আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।
বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম বাংলদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হককে পরাজিত করেন। ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ পন ওপেনিং পদ্ধতিতে খেলে ২৩ চালে ফিদেমাস্টার নাইম হককে হারান।
পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন। অনত চৌধুরী সাদা ঘুঁটি নিয়ে অমিত বিক্রম রায়ের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৪ চালে জয়ী হন।
আগামীকাল (২ জুলাই) বিকেল ৩টায় নবম রাউন্ডের খেলা শুরু হবে।
