বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতা থেকে ৯ ম্যাচের একটি আন্তর্জাতিকমাস্টার (আইএম) নর্ম অর্জন করেছেন। এটি তার দ্বিতীয় নর্ম। এর আগে গত এপ্রিলে ব্যাংককে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন দাবায় তিনি প্রথম নর্ম পেয়েছিলেন। আন্তর্জাতিকমাস্টার খেতাবের জন্য তার আর একটি নর্ম প্রয়োজন হবে।
আজ ২ জুলাই মঙ্গলবার নবম রাউন্ডে নীড় বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করে তার ৯ ম্যাচে নর্ম নিশ্চিত করেন। সাদা ঘুঁটি নিয়ে তিনি তাহসিনের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিপক্ষে ৪২ চালে জয়ী হন। নবম রাউন্ড শেষে নীড় ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
এদিকে ৬.৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তবে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৫.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
নবম রাউন্ডে ফাহাদ রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে ও রাজীব বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনকে পরাজিত করেন।
কিন্তু জিয়া নিয়াজের সাথে, বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী সাথে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটর্জীর সাথে এবং বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ বাংলদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হকের সাথে ড্র করেন।
আগামীকাল ৩ জুলাই বুধবার বিকেল ৩টায় দশম রাউন্ডের খেলা শুরু হবে।
