বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও অনত চৌধুরী পূর্ণ পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন।
এদিকে সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ৭ জন খেলোয়াড়। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেটমাস্টার মোঃ শরীয়তউল্লাহ, তাহমিদুল হক ও নীলয় দেবনাথ।
আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার আগারগাঁওয়ের শেরে-ই বাংলা নগর ডাক ভবনের হল-রুমে পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, অনত চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, নীলয় দেবনাথ অমিত বিক্রম রায়কে ও ক্যান্ডিডেটমাস্টার মোঃ শরীয়তউল্লাহ আফনান জারিফ হককে পরাজিত করেন।
তবে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের সাথে, তাহমিদুল হক ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ও স্বর্নাভো চৌধুরী মোঃ নাসির উদ্দিনের সাথে ড্র করেন।
আগামীকাল ১৮ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
