বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। আগামীকাল ২১ ডিসেম্বর নবম তথা শেষ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারাতে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হবেন। ড্র করলেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের ম্যাচের উপর তা নির্ভর করবে।
এদিকে আজ ২০ ডিসেম্বর অষ্টম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৭.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
অপরদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
তবে ৬.৫ পয়েন্ট নিয়ে ৪ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, অনত চৌধুরী, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী।
আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে ডাক ভবনের হল-রুমে অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল তাশরিক সায়হান শানকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন লাভলুকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, অনত চৌধুরী তাহমিদুল হককে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম জহিরুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী রবিউল হোসেনকে, স্বর্নাভো চৌধুরী দেওয়ান শহিদুল আমিনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান আব্দুল মোমিনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ শাহিনুর হককে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, খন্দকার আরাফাত আফনান জারিফ হককে, মোহাম্মদ শফিকুল ইসলাম আহনাফ রশিদ চৌধুরীকে, শরিফুল ইসলঅম রেজাউল করীমকে, হুমায়ুন কবীর আয়ান রহমানকে ও সারোয়ার হোসেন উল্লাস মো. আমিরুল ইসলামকে পরাজিত করেন।
মো. নাসির উদ্দিন ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন ফিদেমাস্টার মেহেদী হাসানের সাথে ড্র করেন। খন্দকার নজরে মাওলা নীলয় দেবনাথের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
আগামীকাল ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
