তারুণ্যের উৎসব দাবা কাল শুরু

তারুণ্যের উৎসব ওপেন ও বালিকা অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ দাবা প্রতিযোগিতা আগামীকাল রোববার ৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে।

৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত খেলোয়াড়, গত ইয়ুথ দাবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্ত খেলোয়াড়সহ অন্যান্য খেলোয়াড়রাও।

উল্লেখ্য বিভিন্ন ক্রীড়া ফেডারেশন তারুণ্যের উৎসব সামনে রেখে খেলোয়াড়দের থেকে এন্ট্রি ফি’র ব্যবস্থা না রাখলেও দাবা ফেডারেশন অবশ্য খেলোয়াড়দের থেকে এন্ট্রি ফি নিচ্ছে।

আজ শনিবার ৮ ফেব্রুয়ারি রাত ৮.২৫ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবা ফেডারেশন জানিয়েছে বিভাগের বাছাইকৃত খেলোয়াড়, গত ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান প্রাপ্ত খেলোয়াড়দের ৩০০ (তিন শত) টাকা এন্ট্রি ফি, বয়সের প্রমাণপত্র ও স্ব-স্ব বিভাগের পত্রসহ এবং অন্যান্য খেলোয়াড়দের ১০০০ (এক হাজার) টাকা এন্ট্রি ফি ও বয়সের প্রমাণপত্রসহ ৯ ফেব্রুয়ারি রোববার দুপুর ১ (এক) টার মধ্যে দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে বলা হয়েছে।