ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৭ খেলায় ৫ পয়েন্ট সংগ্রহ করে ৯ জন সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন।
এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় ৩.৫ পয়েন্ট পেয়ে ৮৭তম স্থানে অবস্থান করেছেন।
মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে ৩ মার্চ রাতে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আজারবাইজানের আন্তর্জাতিকমাস্টার তালিবোভ শিরোগলানকে পরাজিত করেন। তাহসিন কালো ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতিতে শিরোগলানের বিপক্ষে মোকাবেলা করেন। এর মধ্যে শিরোগলান ২৭, ২৮ ও ২৯ নম্বর চালে পর পর তিনটি দুর্বল চাল দিলে তাহসিন জয়ের অবস্থানে চলে আসেন এবং ৩০ চালে জয় লাভ করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় অবশ্য স্বাগতিক মন্টিনিগ্রোর ফিদেমাস্টার জুরোভিক পিকোর সঙ্গে জিততে পারেননি। নীড় কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করেন, পেনভ অ্যাটাক পদ্ধতির খেলায় নীড় ৪৩ চালে পিকোর সঙ্গে ড্র করেন।
আজ ৪ মার্চ রাতে অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেক্সিকোর আন্তর্জাতিকমাস্টার গালাভিজ মেডিনা সিয়ন রাদামানটিস এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও এস্তোনিয়ার ফিদেমাস্টার ক্রিভেনকো ডিয়োন এক অপরের সঙ্গে মোকাবেলা করবেন।
