বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় জয় পেয়েছেন। কিন্তু হেরে গেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে ৪ মার্চ রাতে অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাদা ঘুঁটি নিয়ে ক্যাটালন পদ্ধতিতে খেলে ৪৩ চালে মেক্সিকোর আন্তর্জাতিকমাস্টার গালাভিজ মেডিনা সিয়ন রাদামানটিসের কাছে হেরে যান।
এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় এস্তোনিয়ার ফিদ মাস্টার ক্রিভেনকো ডিয়োনকে পরাজিত করেন। নীড় সাদা ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে ফোর নাইটস বিশ্লেষণ ধারার ৯০ চালে হারিয়েছেন ফিদেমাস্টার ক্রিভেনকো ডিয়োনকে।
উল্লেখ্য অষ্টম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৫ পয়েন্ট ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৪.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।
আজ ৫ মার্চ রাতে নবম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কানাডার আন্তর্জাতিকমাস্টার আটানাসোভ এন্টোনির সাথে ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় কাজাখস্তানের আখিলবে ইমানগালির সাথে মোকাবেলা করবেন।
