দ্বিতীয় রাউন্ড শেষে নীড়-ফাহাদ-ইমন-তাহসিন-রানী হামিদ শীর্ষে

এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে শতভাগ জয় নিয়ে ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, স্বাগতিক লঙ্কার আন্তর্জাতিকমাস্টার থিলকরথনে, ক্যান্ডিডেটমাস্টার বিজেরথনা বিনুকা দিহাইন ও মালদ্বীপের ফিদেমাস্টার মুহাম্মদ সুআউ এবং নারী বিভাগে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও স্বাগতিক লঙ্কার তিন দাবাড়ু নারী ক্যান্ডিডেটমাস্টার থারুশি নিকলেশা, নারী ক্যান্ডিডেটমাস্টার সানুদুলা দাহামদি ও নারী ক্যান্ডিডেটমাস্টার নিউয়ানসা এস্যান্ডি শীর্ষে রয়েছেন।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ১১ মার্চ মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে ওপেন বিভাগে নীড় স্বাগতিক শ্রীলঙ্কার বিক্রমাসিংহেকে, ফাহাদ শ্রীলঙ্কার শিবথানুজনকে, ইমন শ্রীলঙ্কার সামারনায়েকে মেথদিনুকে ও তাহসিন লঙ্কার ক্যান্ডিডেটমাস্টার অমরসিংহেকে এবং নারী বিভাগে রানী হামিদ ভুটানের ইয়েশে লাহদেনকে পরাজিত করেন।

কলম্বোর রামাদা হোটেলে ১২ মার্চ লঙ্কার স্থানীয় সময় বিকেল ৩টায় ওপেন বিভাগ ও নারী বিভাগের খেলা শুরু হবে।