এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে তৃতীয় রাউন্ড শেষে জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, আন্তর্জাতিকমাস্টার জি এম এইচ তিলকরত্মে ও বিজেরত্মে ভিনুকা দিহাইন এবং পাকিস্তানের মাহফাজ খালিদ ২.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন।
নারী বিভাগে তৃতীয় রাউন্ড শেষে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ২.৫ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পাল্লি এসাহ মিশেলার সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ২ পয়েন্ট ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ১.৫ পয়েন্ট পেয়েছেন।
আজ ১২ মার্চ বুধবার বিকালে শ্রীলঙ্কার কলম্বোয় তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এক অপরের সাথে ড্র করেন। ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ শ্রীলঙ্কার ইন্দুভাড়া থিসারিনদুকে পরাজিত করেন।
এদিকে নারী বিভাগে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে পরাজিত করেন এবং নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ শ্রীলঙ্কার নারী ক্যান্ডিডেটমাস্টার নিওয়ানসা ইসানদির কাছে হেরে যান।
আগামীকাল ১৩ মার্চ বিকেল ৩টায় চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
