বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫, চূড়ান্ত পর্বের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে পাঁচ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
ষষ্ঠ রাউন্ডের খেলা আজ (শনিবার) দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। আজকের ষষ্ঠ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে পরাজিত করেন। ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সাদা ঘুঁটি নিয়ে গিয়াকো-পিয়ানো গেম পদ্ধতিতে খেলে ২৮ চালের মাথায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমের বিরুদ্ধে জয়ী হন।
মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এ রাউন্ডের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু’র কাছে হেরে গেছেন। মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু সাদা ঘুঁটি নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সিসিলিয়ান ডিফেন্সের পেলিক্যান বিশ্লেষণ ধারা বিরুদ্ধে খেলে ৪১ চালের মাথায় জয়ী হন।
মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতান শিরিনকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলে ৪৩ চালের মাথায় মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতান শিরিনের বিরুদ্ধে জয়ী হন।
মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে একসেলেরেটেড বিশ্লেষণ ধারায় খেলে ৪১ চালে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের বিরুদ্ধে জয়ী হন।
মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসের সাথে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ সাদা ঘুঁটি নিয়ে মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসের ক্যারো-কান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪১ চালে ড্র করেন।
মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজারানা খান ইভা বরিশালের জান্নাতুল প্রীতিকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নাজারানা খান সাদা ঘুঁটি নিয়ে জান্নাতুল প্রীতির সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৭৯ চালের মাথায় জয়ী হন।
আগামীকাল (রোববার) খেলার বিরতি দিন। আগামী ২৭ শে অক্টোবর সোমবার বিকাল ৩-৩০ (সাড়ে তিন) টা হতে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
