প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের অষ্টম রাউন্ড শেষে শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে তিতাস ক্লাব। ক্লাবটি ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। এদিকে মানহা’স ক্যাসেল ও লিওনাইন চেস ক্লাব ১২ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে ১১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তৃতীয় স্থানে, ১০ পয়েন্ট নিয়ে স্পোর্টস বাংলা চতুর্থ স্থানে এবং ৮ পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব পঞ্চম স্থানে রয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ১ মে অষ্টম রাউন্ডে তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে, লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে, খেলাঘর দাবা সংঘ ২.৫-১.৫ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে এবং জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করেন।
তবে মানহা’স ক্যাসেল ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাথে ড্র করেছে।
নবম বা শেষ রাউন্ডের খেলা ১ মে সকাল সাড়ে দশটায় একই স্থানে শুরু হবে। খেলা শেষে বিকাল চারটায় একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
