প্রথম বিভাগ লিগে ইসফট অপরাজিত চ্যাম্পিয়ন

প্রথম বিভাগ দাবা লিগে ৯ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে ইসফট এরিনা চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দলটির হয়ে শিরোপা জয় করেন নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, দেলোয়ার হোসেন ও মো. আনিচুজ্জামান জুয়েল (অধিনায়ক)।

তবে ১৪ পয়েন্ট নিয়ে ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টের মাধ্যমে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব রানার্সআপ ও অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল তৃতীয় স্থান লাভ করে। সাধারণ বীমার পক্ষে খেলেছেন ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়ত উল্লাহ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ (অধিনায়ক), অনত চৌধুরী ও নাসির উদ্দিন অপু। অগ্রণী ব্যাংকের হয়ে খেলেছেন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, মোর্তুজা মাহাথির ইসলাম, আমির সোহেল, মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ শামীম (অধিনায়ক)।

এছাড়া আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব চতুর্থ, তৌসিফ অ্যাপারেলস চেস ক্লাব পঞ্চম, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস ক্লাব ষষ্ঠ, মাগুড়া আকাই স্মৃতি সংসদ সপ্তম, স্পোর্টস বাংলা-বি অষ্টম, শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ নবম, এবং দশম হয়েছে ক্লাসিক চেস একাডেমি।

এদিকে ৬টি বোর্ড পুরস্কারের মধ্যে চ্যাম্পিয়ন ইসফট এরিনা চেস ক্লাবের খেলোয়াড়রা ৫টি জিতেছে। তারা হলেন এক নম্বর বোর্ডে মো. আনিচুজ্জমানা জুয়েল, দুই নম্বর বোর্ডে দেলোয়ার হোসেন, তিন নম্বর বোর্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, চার নম্বর বোর্ডে ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ, অতিরিক্ত এক নম্বর বোর্ডে ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র এবং অতিরিক্ত দুই নম্বর বোর্ডে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টি ক্লাবের নাসির উদ্দিন অপু।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন আন্তর্জাতিক দাবা বিচার মো. হারুন অর রশিদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের অ্যাডহক কমিটির দুই সদস্য আমিনুল ইসলাম ও আরিফুজ্জামান আরিফ। এসময় অগ্রণী ব্যাংক পিএলসি উপ মহাব্যবস্থাপক শাহিনুর বেগম, ইসফট এরিনা চেস ক্লাবের সভাপতি মোকাদ্দেসুর রহমান খান সোহান ও লিগের প্রধান বিচারক আন্তর্জাতিক দাবা বিচারক শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০ টি দল এ বছর প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করে।