খুব বেশি দিনের কথা নয়। এমন কি, বছরও পার হয়নি। আসছে ২০ অক্টোবর ‘পন পাওয়ার চেস ক্লাব’ এক বছরে পা রাখতে যাচ্ছে। অথচ এরই মধ্যে এ ক্লাবটি দাবাড়ুদের মধ্যে একটা আস্থার আর সম্ভাবনার জায়গা তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় আজ ৫ আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপায়ন টাউনে আন্তর্জাতিক মানের দাবা ভেন্যু উদ্বোধন করতে যাচ্ছে। এ ভেন্যুতে দাবাড়ুদের জন্য থাকছে স্বল্প খরচে নিয়মিত শক্তিশালী টুর্নামেন্টে অংশগ্রহণ এবং আবাসিক সুবিধা। দেশে পর্যাপ্ত টুর্নামেন্টের অভাব ঘুচাতে পন পাওয়ার চেস ক্লাবের এমন যুগান্তকারী পদক্ষেপ নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে।
এক প্রশ্নে ক্লাবের সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গ্র্যান্ডমাস্টার (জিএম), আন্তর্জাতিকমাস্টার (আইএম) টুর্নামেন্ট ও শীর্ষস্থানীয় দাবাড়ুদের জন্য সারা বছর টুর্নামেন্ট আয়োজন করে নর্ম অর্জন, রেটিং বৃদ্ধি ও প্রতিযোগিতার ধারাবাহিকতা নিশ্চিত করা। এর ফলে দেশের খেলোয়াড়দের বিদেশে ব্যয়বহুল টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রয়োজন কমবে এবং তারা দেশেই আন্তর্জাতিকমানের টুর্নামেন্ট অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
আবু সুফিয়ান শাকিল অপর প্রশ্নে জানান, এ উদ্যোগের নেপথ্যে রয়েছেন ক্লাবের সহসভাপতি মাহবুবুর রশীদ। এছাড়া সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান সাবাব, ফিদেমাস্টার নাঈম হক, ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত, মাকসুদুর রশীদ, সাদাত ইবনে সুলতানসহ আরো অনেকেই সম্পৃক্ত রয়েছেন।
উল্লেখ্য এ ক্লাবটি বছরের শুরুতে গ্র্যান্ডমাস্টার জিয়া স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা, দিনাজপুরে রংপুর বিভাগের জেলাগুলো নিয়ে ট্রেইনার্স ট্রেনিং ও আরবিটার্স ট্রেনিং সেমিনার, সেন্ট জোসেফ স্কুলে একটিভ মাইন্ড স্কুল র্যাপিড দাবা প্রতিযোগিতাসহ বেশকিছু দাবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। জাতীয় অনূর্ধ্ব-১০ বালক ও বালিকা বিভাগে যথাক্রমে এ ক্লাবের রায়ান রশীদ মুগ্ধ ও ওয়ারিশা হায়দার সারা চ্যাম্পিয়ন হয়ে দেশের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে আলো ছড়াচ্ছেন।
নারায়ণগঞ্জের রূপায়ণ টাউনে আজ দুপুরে পন পাওয়ার চেস ক্লাবের ভেন্যু উদ্বোধন, ক্লাবের ছাত্রী ওয়ারিশা হায়দার সারা দেশের সর্বকনিষ্ঠ নারী ক্যান্ডিডেটমাস্টার খেতাব অর্জন করায় সংবর্ধণা এবং বিকেলে আমন্ত্রিত খেলোয়াড়দের মধ্যে ফ্রি স্টাইল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
