ওয়ার্ল্ড স্কুল টিম চ্যাম্পিয়নশিপে ভারতের ভেলামল এমএইচএস স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৮ ম্যাচে শতভাগ জয় নিয়ে মোট ১৬ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করে। শিরোপা জয়ী স্কুলের খেলোয়াড়রা হলেন আন্তর্জাতিকমাস্টার এস আসওয়াথ, আন্তর্জাতিকমাস্টার এ ইলামপার্থি, ফিদেমাস্টার দাকসিন অরুণ, ফিদেমাস্টার কে পি প্রণব এবং নারী ফিদেমাস্টার কীর্তি শ্রী রেড্ডি।
সদ্যসমাপ্ত ওয়ার্ল্ড স্কুল টিম চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের ফলে ভারত এ নিয়ে দাবার সব কয়টি ফরম্যাটেই সাফল্য অব্যাহত রাখার নজীর স্থাপন করলো। এর আগে পাশ্ববর্তী দেশটি দাবা অলিম্পিয়াড, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জেতার অনন্য গৌরব অর্জন করে। এ জয় ভারতের ক্রমবর্ধমান দাবার শিখরে আরো একটি শিরোপা যোগ করেছে। ভেলামল এমএইচএস স্কুলের সাফল্য বিশ্ব দাবায় এটা নতুন নয়। এ স্কুলের সাবেক ছাত্র গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানান্ধা এখন বিশ্ব মাতাচ্ছেন। অপর ছাত্র লিওন মেন্ডোঙ্কাও দারুণ সাফল্য দেখাচ্ছেন।

এদিকে শিরোপা রেসে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না হলেও রানার্সআপ পজিশনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ১২ পয়েন্ট নিয়ে ৩টি স্কুল রানার্সআপের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে কাজাখস্তানের ন্যাশনাল স্কুল অব ফিজিকস অ্যান্ড ম্যাথমেটিকস রানার্সআপ, স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের হারকার স্কুল তৃতীয় এবং কাজাখস্তানের আস্তানা-২ আরএসপিএম স্কুল চতুর্থ স্থান লাভ করে।
উল্লেখ্য ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থল থেকে ১১ কিলোমিটার দূরে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার এপিস্কোপাল হাই স্কুলে গত ২ আগস্ট থেকে শুরু হওয়া ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতির ওয়ার্ল্ড স্কুল টিম চ্যাম্পিয়নশিপ ৭ আগস্ট শেষ হয়েছে। বিশ্বের ৪৯টি দেশের ৫৫টি স্কুল এতে অংশগ্রহণ করে।
