এক ম্যাচ আগেই সাকলাইন চ্যাম্পিয়ন

এক ম্যাচ হাতে রেখেই আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। আগামীকাল নিয়মরক্ষার ম্যাচে সাকলাইন শেষ রাউন্ডে অনত চৌধুরীর সঙ্গে মোকাবেলা করবেন।

এদিকে রানারআপ লড়াইয়ে ৪.৫ পয়েন্ট নিয়ে ৫ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, তিতাস ক্লাবের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু এবং সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী।

অপরদিকে চার পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, লিওনাইন চেস ক্লাবের অভিক সরকার ও রায়ান রশিদ মুগ্ধ তৃতীয় স্থানে রয়েছেন।

আজ ১২ আগস্ট মঙ্গলবার বিকালে আইসিটি বিভাগের শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ারে ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, অনত চৌধুরী ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু তাশরিক সায়হান শানকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন শেখ রাশেদুল হাসানকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, রায়ার রশিদ মুগ্ধ দেলোয়ার হোসেনকে, সারোয়ার হোসেন উল্লাস নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক কাজী সাইফকে, মো. মঞ্জুর আলম মুহতাদি তাজওয়ার নাশিদকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো তানভীর আলমকে ও ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ আওসাফ চৌধুরীকে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ মো. নাসির উদ্দিন অপুর সাথে ও আহনাফ জারিফ হক মোহাম্মদ শাকিলের সাথে ড্র করেন। আজান মাহমুদ সিয়াম চৌধুরীর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল ১৩ আগস্ট বুধবার বেলা ২টা হতে একই স্থানে সপ্তম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।