৫ আগস্ট জুলাই গণ-অভ্যূত্থান উপলক্ষে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন তিতাস ক্লাবের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
এদিকে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস তৃতীয় , বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন চতুর্থ, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ পঞ্চম এবং বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ষষ্ঠ স্থান লাভ করেন।
অপরদিকে সাড়ে চার পয়েন্ট নিয়ে টাইবেকিং পদ্ধতিতে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী সপ্তম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম অষ্টম, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ নবম ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন দশম হয়েছেন।
এছাড়া সেরা জুনিয়র (অনুর্ধ্ব-২০) পুরস্কার পেয়েছেন তাশরিক সায়হান শান।
খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় ৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
