নারী ফিদেমাস্টার খেতাব পেলেন খুশবু

বাংলাদেশ নৌবাহিনীর কৃতী দাবাড়ু ওয়ারসিয়া খুশবু ‘নারী ক্যান্ডিডেটমাস্টার’ থেকে অবশেষে ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন করেছেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সবশেষ আগস্ট মাসের রেটিং তালিকায় তার স্ট্যান্ডার্ড রেটিং ২১৪৫ হওয়ায় আন্তর্জাতিক দাবা ফেডারেশন তাকে ‘নারী ফিদেমাস্টার’ উপাধিতে ভূষিত করেছে।

নিয়ম অনুযায়ী একজন নারী ২১০০ বা তার বেশী স্ট্যান্ডার্ড রেটিং করলে তিনি ‘নারী ফিদেমাস্টার’ খেতাবের জন্য আবেদন করতে পারেন। খুশবু ওই শর্ত পূরণ করায় মাত্র ১৩ বছর বয়সে এমন সম্মানসূচক খেতাব পেলেন।

‘নারী ফিদেমাস্টার’ এর পরের ধাপ হচ্ছে ‘নারী আন্তর্জাতিকমাস্টার’ এবং এর পরের ধাপ হচ্ছে ‘নারী গ্র্যান্ডমাস্টার’ উপাধি। আন্তর্জাতিক দাবা ফেডারেশন থেকে আন্তর্জাতিক রেটিং লাভ, ‘নারী ক্যান্ডিডেটমাস্টার’ এবং ‘নারী ফিদেমাস্টার’ খেতাব পেতে কোনো নর্ম পূরণের প্রয়োজন হয় না। কেবলমাত্র নির্দিষ্ট একটি রেটিং অতিক্রম করলেই ওইসব উপাধি পাওয়া যায়।

কিন্তু ‘নারী আন্তর্জাতিকমাস্টার’ এবং ‘নারী গ্র্যান্ডমাস্টার’ উপাধি পেতে হলে অন্তত তিনটি করে নর্ম পূরণ করতে হয়।

খুশবুকে এখন সেই নর্ম অর্জনের লক্ষ্যে ময়দানি লড়াই চালিয়ে যেতে হবে। এ জন্য তার যেমন হাই-পারফরম্যান্স একজন কোচ প্রয়োজন। তেমনি বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলার জন্য স্পন্সর দরকার। এ দু’য়ের সমন্বয় প্রোপার টাইমে না পেলে কাঙ্খিত উপাধি এক সময় সোনার হরিণে পরিণত হতে পারে! কাজেই খুশবুসহ উদীয়মানদের ব্যাপারে বাংলাদেশ দাবা ফেডারেশনকে আরো যত্মবান হতে হবে।