এককভাবে শীর্ষে উঠে এলেন নিয়াজ মোরশেদ

৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ শতভাগ জয় নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন।

তবে আড়াই পয়েন্ট সংগ্রহ করে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে দুই পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় তৃতীয় স্থানে অবস্থান করছেন।

শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে আজ ২০ সেপ্টেম্বর শনিবার তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে, বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো শরীফ হোসেন অনত চৌধুরীকে পরাজিত করেন।

অপরদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ একে অপরের সঙ্গে ড্র করেছেন।

আগামীকাল ২১ সেপ্টেম্বর রোববার বিকেল ৩-৩০টায় একই স্থানে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ অনত চৌধুরীর সাথে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদেমাস্টার মো. শরীফ হোসেনের সাথে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফের সাথে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ও মোহাম্মদ শাকের উল্লাহ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের সাথে খেলবেন।