অর্থাভাবে চিকিৎসা থেমে যাচ্ছে সাবেক জাতীয় দাবার চ্যাম্পিয়ন ফিদেমাস্টার ইউনুস হাসানের। বর্তমানে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দু:সময়ে তিনি ক্রীড়াঙ্গনের সবাইকে পাশে চান।
পারিবারিক সূত্রে জানা গেছে ইউনুস হাসান দীর্ঘ দিন ধরে কিডনী ও হার্টের সমস্যায় ভুগছেন। সেই সঙ্গে ইউরিন ইনফেকশনজনিত কারণে আরো অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয়, ডেঙ্গু টেস্ট পজিটিভ হওয়ায় তাঁর শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। চরম অর্থাভাবে তাঁর উপযুক্ত চিকিৎসা করা যাচ্ছে না। ইউনুস হাসানের সুচিকিৎসার জন্য তাঁর সহধমির্ণী সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
সত্তর দশকের সাড়া জাগানিয়া দাবাড়ু খুলনার ছেলে ইউনুস হাসান ১৯৮৪ সালে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৮৫ ও ১৯৯১ সালে তিনি দু’টি আন্তর্জাতিকমাস্টার অর্জন করেছিলেন। নব্বই দশকের গোড়ার দিকে আমেরিকায় পাড়ি জমান।
কিন্তু ভাগ্যের চাকা ঘুরাতে পারেননি। দেশে ফিরে ব্যবসা বাণিজ্য করলেও লোকসানের মুখে পড়ে এক পর্যায় নি:স্ব হয়ে পড়েন। তরুণ ক্রীড়া সংগঠক শাকিল আবদুল্লাহ বলেন, ইউনুস ভাই চরম অর্থকষ্টে আছেন। তাঁর সুচিকিৎসাটাই এখন সবচেয়ে বেশি জরুরি।
এদিকে চেস প্লেয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন জানিয়েছেন, অসুস্থ ইউনুস ভাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব। সবার প্রত্যাশা তাঁর এমন দু:সময়ে বাংলাদেশ দাবা ফেডারেশনও এগিয়ে আসবে।
