ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের দ্বাদশ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।
এছাড়া ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থানে রয়েছেন।
আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে দ্বাদশ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ মোহাম্মদ শাকের উল্লাহকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল অনত চৌধুরীকে পরাজিত করেন।
কিন্তু আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের সাথে ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন।
আগামীকাল ১ অক্টোবর বুধবার বিকেল ৩-৩০টায় একই স্থানে ত্রয়োদশ বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। শেষ রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ বনাম ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন বনাম ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, অনত চৌধুরী বনাম ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম বনাম আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বনাম ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বনাম মোহাম্মদ শাকের উল্লাহ এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় বনাম আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন পরস্পরের সাথে মোকাবেলা করবেন।
