৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সপ্তম, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অষ্টম এবং আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল নবম হয়েছেন।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্লে-অফ ম্যাচে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন উভয়ে ৪ খেলায় ২.৫ পয়েন্ট র্যাপিড গেমে সমান হওয়ায় আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস দু’টি ব্লিটজ দাবায় অংশ নেন। ব্লিটজ দাবায় আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ১-১ পয়েন্টে ড্র করেন। পরবর্তীতে সাডেন ডেথ গেমে আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন ।
এদিকে দশম ও একাদশ স্থানের টাইব্রেকিংয়ে কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করে দশম এবং ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ একাদশতম হয়েছেন। দু’জনের মধ্যে র্যাপিড দাবা ১-১ পয়েন্ট ড্র হয় এবং ব্লিটজ দাবায় মোহাম্মদ শাকের উল্লাহ ২-০ গেমে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন।
