জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা বিভাগে সপ্তম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু হেরে যাওয়ায় কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন।
সপ্তম রাউন্ড শেষে কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। এদিকে সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী ও বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু। অপরদিকে পাঁচ পয়েন্ট নিয়ে জিন্নাত আক্তার শাহনাজ ও কুড়িগ্রামের রাফিয়া সরকার তৃতীয় স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ১২ অক্টোবর রোববার নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে, রাফিয়া সরকার তানজিলা আক্তারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দার সুরাইয়া আক্তারকে ও জান্নাতুল প্রীতি খন্দকার আমিসা আমিনকে পরাজিত করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা জিন্নাত আক্তার শাহনাজের সাথে ড্র করেন।
ওপেন বিভাগে সাকলাইন শীর্ষেই
এদিকে জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন যথাক্রমে দ্বিতীয় স্থানে রয়েছেন কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ও মুহতাদি তাজওয়ার নাশিদ। পাঁচ পয়েন্ট নিয়ে ৬ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন চট্টগ্রামের তুষিন তালুকদার, রায়ান রশিদ মুগ্ধ, আফনান জারিফ হক, বরিশালের রাদমিম রাহা রাজ্য, আজরাফ আনান ও সাফায়েত কিবরিয়া আজান।
সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ স্বর্নাভো চৌধুরীর সাথে, মোহাম্মদ শাকের উল্লাহ তুষিন তালুকদারের সাথে ও রাদমিম রাহা রাজ্য আফনান জারিফ হকের সাথে ড্র করেন। তবে ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদ হক সিয়াম চৌধুরীকে, মুহতাদি তাজওয়ার নাশিদ ঐতিহ্য বড়ুয়াকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়েরকে, আজরাফ আনান আবিদুর রহিম মানামকে ও সাফায়েত কিবরিয়া আজান মুস্তাকিম নাফিকে পরাজিত করেন।
আগামীকাল ১৩ অক্টোবর সোমবার বিকাল ৩-৩০ টায় উভয় ক্যাটাগরির অষ্টম রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।
