জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ৪২তম আসরে বালিকা বিভাগে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু। তবে কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো রানারআপ হয়েছেন। খুশবু ও আলো উভয়ে ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে খুশবু শিরোপা জয় করেন এবং আলো রানারআপ হন।
তবে সাত পয়েন্ট নিয়ে জিন্নাত আক্তার শাহনাজ তৃতীয় স্থান লাভ করেন। এদিকে ছয় পয়েন্ট সংগ্রহ করে ইশরাত জাহান দিবা চতুর্থ ও নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী পঞ্চম হয়েছেন। অপরদিকে সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে চট্টগ্রামের নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সপ্তম এবং সুরাইয়া আক্তার অষ্টম হয়েছেন।
আজ ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে নবম বা শেষ রাউন্ডের খেলায় বালিকা বিভাগে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু অহনা দে-র বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছেন। নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো রাফিয়া সরকারকে, জিন্নাত আক্তার শাহনাজ নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরীকে, সুরাইয়া আক্তার নুশরাত হাসান নাবাকে পরাজিত করেনস। নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবার সাথে ড্র করেন।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
